২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জ্বরাক্রান্ত ব্যাংকারের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীতে জ্বরে ভোগার পর এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 08:45 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

জামশেদ হায়দার চৌধুরী নামে এই ব্যাংকার এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ ছিল পরিবারের। তবে তার নমুনা পরীক্ষা করা হয়নি।

এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াজিউল্লাহ ভূইয়ার জামাতা জামশেদ নগরীর মেহেদীবাগের অ্যাম্বাসি বিল্ডিংয়ে থাকতেন।

তিনি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে তার ছোট ভাই জিয়াহায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “আজ (সোমবার) সকালে অবস্থার অবনতি হলে করোনাভাইরাস সন্দেহ করে আমরা তাকে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নিই পরীক্ষা করানোর জন্য।

“সেখানকার চিকিৎসক কোনো চিকিৎসা না দিয়ে আমার ভাইকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। সেখানে নেওয়ার পথে গাড়িতে তার মৃত্যু হয়।”

“আমরা চেয়েছিলাম করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হোক। কিন্তু তা করা হয়নি। কোনো চিকিৎসাও দেওয়া হয়নি,” বলেন জিয়া।

Image
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, জামশেদ মারা গেছেন।

জিয়া বলেন, মৃত্যুর কারণ ‘হৃদরোগ’ বলে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

ব্যাংকার পরিবারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক ব্যাংকারের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। জেনেছি হৃদরোগে তার মৃত্যু হয়েছে। সেকারণে করোনা পরীক্ষার দরকার নেই।”