২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াণ দিবসে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারকে স্মরণ

বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের প্রয়াণ দিবসে তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সিপিবি চট্টগ্রাম জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 10:31 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

শনিবার নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে পূর্ণেন্দু দস্তিদারের পৈত্রিক নিবাসে গিয়ে সিপিবি নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের উদ্দেশ্যে যাত্রা করার পর ১৯৭১ সালের ৯ মে পথেই মারা যান পূর্ণেন্দু দস্তিদার।

সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা বলেন, “কমরেড পূর্ণেন্দু দস্তিদার ছিলেন অগ্নিযুগের কিংবদন্তি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা। তরুণ, যুবক ও ছাত্রদেরকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করতেন তিনি।

“নিজ দলের বিপ্লবীদেরকে তিনি বিপ্লবী কর্মকাণ্ডের বিভিন্ন কলা-কৌশল শেখাতেন। চট্টগ্রামের বিপ্লবী দলে পূর্ণেন্দু দস্তিদারই প্রথম নারীদের অন্তর্ভুক্ত করেন এবং কল্পনা দত্ত ও প্রীতিলতাসহ আরো অনেক নারীকে সংগঠিত করেন।”

সিপিবি নেতা অমিতাভ সেন, বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের ভাইয়ের মেয়ে শিখা দস্তিদার এবং আত্মীয় অজিত দাশ শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।

কমিউনিস্ট পার্টির নেতা লেখক পূর্ণেন্দু দস্তিদারের জন্ম ১৯০৯ সালের ২০ জুন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলঘাটে। তার বাবা চন্দন কুমার দস্তিদার ও মা কুমুদিনী দস্তিদার।

১৯২৫ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স এবং ১৯২৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন পূর্ণেন্দু। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেও সূর্যসেনের সহযোগী হিসেবে কলকাতায় গ্রেপ্তার হলে তার ইঞ্জিনিয়ারিং পড়ার ইতি ঘটে।

বন্দি অবস্থায় ১৯৩৪ সালে তিনি বিএ পাস করেন। পরে আইনের ডিগ্রিও পান। ১৯৪০ সালে ব্রিটিশ ভারতের কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।‍

১৯৪৮ সালে পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার পর আবারও গ্রেপ্তার হন পূর্ণেন্দু দস্তিদার। জেলে থাকা অবস্থাতেই তিনি ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। পরের বছর তিনি মুক্তি পান।

কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ থাকায় পূর্ণেন্দু দস্তিদার ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হলে তিনি আবারও গ্রেপ্তার হন এবং ১৯৬২ সালে ছাড়া পান।

১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাকে আবার গ্রেপ্তার করা হয়। ১৯৬৯ সালে গণআন্দোলনের প্রেক্ষাপটে তিনি মুক্তি পান।

চট্টগ্রাম যুব বিদ্রোহ নিয়ে পূর্ণেন্দু দস্তিদার রচিত ‘স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম’ ও ‘বীরকন্যা প্রীতিলতা’ গ্রন্থ দুটি এখনো সমাদৃত।

তার বড় ভাই অর্ধেন্দু দস্তিদার চট্টগ্রাম যুব বিদ্রোহের সময় জালালাবাদ পাহাড়ের যুদ্ধে শহীদ হন।