পশু-পাখিদের বাঁচানোর আহ্বান মেয়র নাছিরের
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত ‘সাধারণ ছুটির’ মধ্যে পশু-পাখিদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার নগরীর কাজীর দেউড়ি এলাকায় রাস্তার কুকুরদের খাবার দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
মেয়র নাছির বলেন, “দীর্ঘ প্রায় দু’মাস যাবত অঘোষিত লকডাউনের কারণে দেশের প্রাণীকূল বিশেষ করে কুকুরগুলো অভুক্ত অবস্থায় অসহায়ভাবে দিন পার করছে। দোকাপাট-রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় কুকুরগুলো এখন খেতে না পেয়ে অসহায় হয়ে পড়ছে।
“আমাদের চিন্তা করতে হবে তাদেরও প্রাণ আছে, বেঁচে থাকার জন্য তাদেরও খাদ্যের প্রয়োজন। স্বাভাবিক অবস্থায় এই কুকুরগুলো ময়লা-আবর্জনা খেয়ে আমাদের পরিচ্ছন্নতা কাজে অংশীদারিত্ব করছে।”
তিনি বলেন, “সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা মানুষের জন্য সাহায্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছি সেভাবে অসহায় পশু-পাখি, বিড়াল-কুকুরকেও আমাদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখা উচিত। কারণ পৃথিবীর ভারসাম্য রক্ষায় প্রত্যেক প্রাণীরই প্রয়োজন রয়েছে।”
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে খাদ্য সংকটে পড়া নগরীর পথের কুকুরদের ২০ এপ্রিল খাবার দেয়া শুরু করেন মেয়র।
এরপর থেকে তার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পাড়া-মহল্লার কুকুরদের রান্না করা খাবার দেয়া হচ্ছে।
রান্না করা খাবারগুলো প্রতিদিন বিভিন্ন পশুপ্রেমী ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে দেয়া হয়।
শুক্রবার কুকুরদের খাওয়ানোর সময় সাংবাদিক আলী আব্বাস, মো. ফারুক, ছাত্রনেতা দিদারুল আলম, হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন, আনিছ, জসিম উদ্দিন, পেয়ারু, মোশাররফ হোসেন লিটন, টিপু দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
