ঈদের আগে খুলছে না চট্টগ্রামের ১০ বিপণী বিতান
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যে ঈদের আগে চট্টগ্রামের ১০টি বিপণী বিতান না খোলার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার দুপুরে এসব বিপনী বিতানের ব্যবসায়ী নেতারা সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিপণী বিতানগুলো হল- মিমি সুপার মার্কেট, চিটাগাং শপিং কমপ্লেক্স, ফিনলে স্কয়ার, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজা, আফমি প্লাজা, আমিন সেন্টার, আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যংকক মার্কেট ও কল্লোল সুপার মার্কেট।
মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, সাথে বাড়ছে জীবনের ঝুঁকিও। ভয়াবহতা বিবেচনা করে আমরা ঈদের আগে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছি।”
চট্টগ্রামের অন্যান্য অনেক মার্কেটের ব্যবসায়ীরাও দোকান না খোলার পক্ষে থাকলেও এখনও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে জানান তিনি।
আগামী ৩১ মে পর্যন্ত এসব বিপণী বিতান বন্ধ থাকবে বলে জানান জাকির হোসেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সোলায়মান বলেন, “সরকার সব মার্কেট সুরক্ষা নিয়ে খোলার সিদ্ধান্ত দিয়েছে। যারা এসব নিয়ম মানতে পারবে তারা খুলবে। কিন্তু অধিকাংশ মার্কেট সমিতি খুলতে নারাজ বলে জেনেছি।”
শনিবার মার্কেট খোলা নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সাথে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের বৈঠক রয়েছে। সেখানে বিভিন্ন বিষয় আলোচনার পর কোন কোন মার্কেট ঈদের আগে খুলছে সে ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ঈদকে সামনে রেখে সরকার ১০ মে থেকে শপিং মল ও বিপণী বিতান স্বাস্থ্যবিধি মেনে খোলার অনমুতি দেয়।
কিন্তু বিপণী বিতান খোলা হবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছেন মালিকরা।
এরই মধ্যে ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ কয়েকটি বড় শপিং মলের কর্তৃপক্ষ মার্কেট না খোলার সিদ্ধান্তের কথা জানায়। সিলেটেও শপিং মল খুলছে না ঈদের আগে।
