২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সালিশে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

কলহের জেরে চট্টগ্রামে সালিশে ছুরি মেরে যুবক হত্যার ঘটনায় এক ব্যক্তি ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2020, 09:05 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর শাহ আমানত সেতু ও বাকলিয়া এলাকায় অভিযান চারিয়ে তিনজনেকে গ্রেপ্তার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন।

গ্রেপ্তার তিনজন হলেন- শেখ আহাম্মদ (৫০) ও তার দুই ছেলে মো. দিদার (২২) ও মো. কায়সার (২০)।

গত ২৫ এপ্রিল কর্ণফুলী উপজেলার খুইদ্দারটেক এলাকায় পানির পাম্প চুরিকে কেন্দ্র করে ডাকা সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের পর ছুরিকাঘাতে হত্যা করা হয় আরিফ দোভাষকে।

ওসি ইসমাইল জানান, এ ঘটনায় আরিফ দোভাষের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা করেছিলেন।

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়সারকে শাহ আমানত সেতুর নিচ থেকে একটি এলজিসহ এবং অন্য দুইজনকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

তাদের দেখানো তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এনিয়ে চারজন গ্রেপ্তার হলেন।