বস্তিতে রেজাউলের খাবার বিতরণ
করোনাভাইরাস সঙ্কটে পড়া নগরীর স্ট্যান্ডরোডে বস্তির এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার এই খাবার বিতরণের সময় নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল বলেন, “করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতনতার কোনো বিকল্প নাই। সচেতন হোন, নিরাপদ থাকুন।
“এই প্রাণঘাতি ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়। যেহেতু এখনো এর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি সেহেতু প্রত্যেক মানুষকেই সচেতনতা অবলম্বন করতে হবে।
“সকলের সচেতনতায় এ যুদ্ধে জয়ী হতে হবে। সচেতনতা ও সতর্ক থেকে কিছুদিন সামাজিক দুরত্ব মেনে চললে আমরা অবশ্যই এ যুদ্ধে জয়ী হতে পারব।”
করোনাভাইরাসের প্রকোপে বিপাকে পড়া দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে থাকার আশ্বাস দেন এই মেয়র প্রার্থী।
এই সঙ্কটের শুরু থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে রোজগারহীন, নিম্ন আয়ের মানুষ ও অসহায়দের ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী ও সুরক্ষা উপকরণ দিচ্ছেন রেজাউল।
শুক্রবার বিতরণের সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক চৌধুরী এটলী, যুব শ্রমিক লীগের আহবায়ক কাজী টিটু, যুব শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাগর প্রমুখ।
