২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একদিনে আক্রান্ত ১৩ জন

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 03:40 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

রোববার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসা আটজনই চট্টগ্রামের বলে জানা গেছে।

অথচ রোববার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছিল পজিটিভ হওয়া আটজন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিভাসুর ল্যাবে রোববার পরীক্ষা হওয়া ৬৩ জনের নমুনার মধ্যে পজিটিভ এসেছে আটজনের।এরা সকলেই চট্টগ্রাম মহানগরী এলাকার বাসিন্দা।

একইদিন ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় জেলায় পজিটিভ ফল এসেছে পাঁচজনের। সবমিলিয়ে চট্টগ্রাম জেলায় একদিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা হল ১৩ জন।

সিভিল সার্জন জানান, বিআইটিআইডি ও সিভাসুতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৮৯ জন। এছাড়া জেলার বাইরে শনাক্ত পাঁচজন চট্টগ্রামে এসে চিকিৎসা নিচ্ছেন।

এ পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১ জন। মারা গেছে সাতজন।

সিভাসুর ল্যাবের পরীক্ষায় যাদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের দুইজন দামপাড়া পুলিশ লাইনের। এছাড়া পাঁচলাইশ এলাকার একজন চিকিৎসক। নগরীর সরাইপাড়ার একজন, রেয়াজুদ্দিন বাজার এলাকার একজন, গোসাইলডেঙ্গা এলাকার একজন ও বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার দুইজন আছেন।

চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ জানান, দুইজনের একজন কনস্টেবল এবং অপরজন কুক। তারা দুইজনই দামপাড়া পুলিশ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি আছেন।

তিনি জানান, এ পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশের ১২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে একজন সুস্থ হয়েছেন।

মৃত ব্যক্তির নমুনা পজিটিভ

রোববার বিআইটিআইডিতে চান্দগাঁও এলাকার মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিআইটিআইডিতে ভর্তি হয়েছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, ৬২ বছর বয়েসী ওই ব্যক্তি ২৭ এপ্রিল বিআইটিআইডিতে ভর্তি হন। পরদিন নমুনা সংগ্রহের পর তিনি বাড়ি চলে যান। ৩০ এপ্রিল ওই রোগী নিজ বাড়িতে মারা যান এবং পরদিনই তাকে দাফন করা হয়।