ফুটপাতের ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে মুখে কাপড় গোঁজা ও টেপ লাগানো এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার নগরীর ইপজেড থানার নিউমুরিং এলাকায় একটি ভবনের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি মাহফুজুর রহমান (২৪) নামে এক হকারের বলে পুলিশ জানায়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কমল নগরে তার বাড়ি।
নগরীর ফ্রি পোর্ট এলাকায় ফুটপাতে পুরান কাপড়ের ব্যবসা করতেন। ফুটপাতে ত্রিপল দেয়া ঘেরা দোকানেই মাহফুজ থাকতেন।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে ভবনটি থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি বুলু মাঝির মায়ের বিল্ডিং নামে পরিচিত। ভবনটিতে কিছু দোকান ও বাসা আছে।
“সে ভবনের সিঁড়ির গেইটে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশের মুখে কাপড় গুঁজে টেপ লাগানো ছিল। ধারণা করছি তাকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখা হয়েছিল।”
ময়না তদন্ত শেষে মাহফুজের লাশ নোয়াখালীর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান পরিদর্শক হোসাইন।
