তাসফিয়া হত্যার আসামি গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার
চট্টগ্রামে গুলি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বায়েজিদ বোস্তামী থানার বনানী আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার মো. ফিরোজ (৪০) স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার আসামি।
নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বনানী আবাসিক এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যাসহ একাধিক মামলা আছে। সে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ইকরামের সহযোগী হিসেবে পরিচিত।”
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, ফিরোজের কাছ থেকে ১২ রাউন্ড কার্তুজ ও ইয়াবা জব্দ করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে।
ওসি জানান, এক সময় শিবির সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সরোয়ার, ম্যাক্সন, ইকরামের সঙ্গে চলাফেরা করলেও এখন নিজেকে যুবলীগের সদস্য বলে দাবি করছে ফিরোজ। ইকরামও একসময় শিবিরে যুক্ত থাকলেও বর্তমানে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। তাসফিয়া হত্যা মামলার আসামি হয়ে তিনি এখন মধ্যপ্রাচ্যে পালিয়ে আছেন।
২০১৮ সালের ২ মে কর্ণফুলী নদীর তীর থেকে নগরীর সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহত হওয়ার মাস খানেক আগে ফেইসবুকে পরিচয়ের সূত্রে নগরীর আরেকটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে তাসফিয়ার সম্পর্ক গড়ে উঠেছিল বলে পরিবারের দাবি।
২০১৮ সালের ১ মে রাতে তাসফিয়ার খোঁজ না পেয়ে পাঁচলাইশ থানার সামনে গেলে ওই ছাত্রের ‘বড় ভাই’ পরিচয় দিয়ে ফিরোজ স্কুলছাত্রী তাসফিয়াকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিডি করতে নিষেধ করেছিলেন বলে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন দাবি করেছিলেন।
মেয়ের লাশ উদ্ধারের পর আমিন বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছিলেন। সে মামলায় ফিরোজকেও আসামি করা হয়।
২০১৮ সালের ৩ জুলাই উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে এলে আদালত ফিরোজকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। পরে ফিরোজ জামিনে মুক্তি পায়।
আরও খবর
