তাসফিয়া খুনে গ্রেপ্তার ফিরোজ রিমান্ডে
চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যামামলায় গ্রেপ্তার মো. ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ রিমান্ডের এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
এর আগে উচ্চ আদালতের নির্দেশে গত ৩ জুলাই চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সি আবদুল মজিদের আদালতে হাজিরা দিতে এলে ফিরোজকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক।
গত ২ মে রাতে কর্ণফুলী নদী তীর থেকে সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ উদ্ধার করা হয়।
তাসফিয়া হত্যাকাণ্ডের পর তার বন্ধু আরেক তরুণকে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল দুইজনে।
তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিনের করা মামলায় ছয়জনকে আসামি করা হয়। এতে ফিরোজও অন্যতম।
