স্কুলছাত্রী তাসফিয়া হত্যায় একজন রিমান্ডে
চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় গ্রেপ্তার একজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ১৮ বছরের ওই তরুণ এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।
শুক্রবার চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমারন খান তার রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তরুণের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার রাতে নগরীর নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাসফিয়া হত্যাকাণ্ডের পর তার বন্ধু আরেক তরুণকে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল দুইজনে।
তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিনের করা মামলায় ছয়জনকে আসামি করা হয়।
গত ২ মে কর্ণফুলী নদী তীর থেকে সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ উদ্ধার করা হয়।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ।
