২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদী তীরে স্কুলছাত্রীর লাশ: তদন্তে অগ্রগতি নেই, ‘ষড়যন্ত্রের’ অভিযোগ

চট্টগ্রামে কর্ণফুলী নদীর পাড় থেকে স্কুলছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধারের তিন দিন পরেও এ ঘটনার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 10:47 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

তাসফিয়ার বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোহাম্মদ আমিন বলছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে এবং এখন তা ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে তাসফিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মোহাম্মদ আমিন বলেন, “এখন পর্যন্ত আমার মেয়ের হত্যাকাণ্ড বিষয়ে পুলিশ কোনো অগ্রগতির কথা জানাতে পারেনি। পুলিশ তদন্তে আমাদের কাছে যা জানতে চেয়েছে, তার সব রকম সহযোগিতা আমরা করছি।” 

তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাতে যখন তাসফিয়াকে খুঁজে পাচ্ছিলেন না তখন থানায় জিডি করতে গেলে তার ছেলেবন্ধু আদনানের কথিত বড়ভাই ফিরোজসহ কয়েকজন মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তা করতে দেননি।

“জিডি করার উদ্দেশ্যে সেদিন রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানার সামনে গিয়েছিলাম। এ সময় আদনানের সাথে থাকা তার ‘বড়ভাই’ ফিরোজ আমাদের আধা ঘণ্টার মধ্যে তাসফিয়াকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিডি করতে নিষেধ করে।

“সে সময়ের ঘটনাগুলো পর্যালোচনা করে মেয়ের বাবা হিসেবে এতে ষড়যন্ত্রের দেখা পাচ্ছি।”

বুধবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে পাথরের উপর উপুড় হয়ে থাকা অবস্থায় তাসফিয়ার লাশ পাওয়া যায়। নগরীর সানসাইন গ্রামার স্কুলে নবম শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে মাসখানেক আগে নগরীর আরেকটি স্কুলের দশম শ্রেণির ছাত্র আদনান মির্জার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে পরিবারের ভাষ্য। মঙ্গলবার বিকালে আদনানের সঙ্গে বেড়াতে বেরিয়ে নিখোঁজ হন তাসফিয়া।

আদনান ও তাসফিয়া নগরীর গোলাপাহাড় মোড়ে ‘চায়না গ্রিল’ নামে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন। পরে সেখান থেকে বেরিয়ে দুজনে দুটি অটোরিকশায় উঠে চলে যান বলে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানিয়েছে পুলিশ।

তাসফিয়ার লাশ উদ্ধারের পর বুধবারই জিজ্ঞাসাবাদের জন্য আদনানকে থানায় ডেকে আনা হয়। পরে তাসফিয়ার বাবা মামলা দায়ের করলে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের পক্ষ থেকে আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে, যার শুনানি হবে রোববার শিশু আদালতে।

মামলায় আদনানের কথিত বড়ভাই ফিরোজসহ ছয়জনকে আসামি করা হলেও অন্যদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি।

ফিরোজ আগে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার সাজ্জাদ খানের (চাঞ্চল্যকর আট খুনের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত) অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ডাকাতির মামলার আসামি ফিরোজ একবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। পরে নিজেকে বর্তমান সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারী দাবি করে নগরীতে ব্যানার টাঙান তিনি।

Image
স্কুলছাত্রী তাসফিয়া আমিনের হত্যাকারীদের বিচার দাবিতে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় মানববন্ধন। ছবি: সুমন বাবু

স্কুলছাত্রী তাসফিয়া আমিনের হত্যাকারীদের বিচার দাবিতে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় মানববন্ধন। ছবি: সুমন বাবু

ফিরোজসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আরেফিন জুয়েল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাসফিয়ার মৃত্যু কীভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন তারা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত হয়েছে।

“এছাড়া তার বন্ধু আদনানকে রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটন সহজ হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তদন্তে পুলিশের আরও সক্রিয়তা এবং আদনানের সহযোগীদের আইনের আওয়তার আনার দাবি জানান তাসফিয়ার বাবা।

তিনি বলেন, “তাসফিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর কীভাবে কী হয়েছে, তা আমরা জানি না। যে রেস্টুরেন্টে তাসফিয়া তার বন্ধু আদনানের সাথে বসেছিল এবং রাস্তায় যে সিএনজি অটোরিকশা করে গিয়েছিল সেসব এলাকায় আমরা সেই রাতে গিয়েছি। তখন আমাদের সাথে আদনান ও তার সহযোগীরা ছিল।”

‘চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব টেকনাফ এবং সচেতন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্যে মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন মোহাম্মদ আমিন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমার আস্থা, বিশ্বাস ও অভিভাবক। যারা এ হত্যার সাথে যুক্ত তাদের বিচারের জন্য তার সহযোগিতা কমানা করছি। এ ধরনের হত্যাকাণ্ড যাতে আর না হয় তার জন্য জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।”

কাঁদতে কাঁততে তিনি বলেন, “আমার সাথে কারও কখনও ঝগড়া-বিবাদ ছিল না। আমার মেয়েকে কেন এভাবে হত্যা করা হল? আমি এর বিচার চাই। খুনিদের ফাঁসি চাই।”