চট্টগ্রামে আরও তিনজন শনাক্ত
চট্টগ্রামে নতুন করে তিনজনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, পরীক্ষায় চারজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এদের তিনজন নতুন এবং একজন পুরনো রোগী।
শনাক্ত হওয়াদের মধ্যে নগরীর রাহাত্তারপুল এলাকার ৩২ বছর বয়সী এক নারী, সিএমএইচের ৫৫ বছর বয়সী একজন পুরুষ এবং লোহাগাড়া উপজেলার ৫১ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন।
নগরীর উত্তর কাট্টলী এলাকার একজন নারীর নমুনা পরীক্ষায় পুনরায় পজিটিভ এসেছে।
বিআইটিআইডিতে এ পর্যন্ত তিন হাজার ১৫৪ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম অঞ্চলের ১১৭ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।
এর মধ্যে শুক্রবারের তিনজনসহ চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এছাড়া চট্টগ্রামের বাইরে থেকে করোনাভাইরাস পজিটিভ হয়ে আসা তিনজন রয়েছেন।
চট্টগ্রামে বিআইটিআইডির বাইরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে।
শুক্রবার সিভাসুতে ১০১ জনের নমুনা পরীক্ষায় নোয়াখালীর একজনের করোনাভাইরাস পাওয়া গেছে বলে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন।
