চট্টগ্রামে অনলাইনে নানা আয়োজনে মে দিবস পালিত
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে জনসমাগম নিষিদ্ধ থাকায় অনলাইনে মহান মে দিবস পালন করেছে চট্টগ্রামের আটটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন।
ধারাবাহিকতায় এবার ছেদ পড়লেও আয়োজনে কমতি ছিল না। গান, নাচ, আবৃত্তি, নাটক, কথামালা- সবই হয়েছে সংগঠনের কার্যালয় কিংবা বাসায় বসে।
একসাথে অনলাইনে মে দিবস পালন করা সংগঠনগুলো হচ্ছে- উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, ওড়ীষী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, ফেইম, চট্টগ্রাম থিয়েটার, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও সাংস্কৃতিক ইউনিয়ন।
শুক্রবার বিকালে প্রতিটি সংগঠনের কর্মীরা অনলাইনে যুক্ত হন। আলোচনায় অংশ নেন শহীদজায়া বেগম মুশতারি শফী, উদীচীর সংগঠক চন্দন দাশ, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষ ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।
মুশতারী শফী বলেন, ভোগবাদি সমাজে মালিক কখনোই শ্রমিকের ন্যায্য পাওনা দেয় না। পুঁজিবাদি শাসক কখনো মেহনতি মানুষের পক্ষে থাকে না। শোষণই তাদের মূলমন্ত্র।
“'করোনাভাইরাসের যে মহামারী এখন বিশ্বজুড়ে চলছে, তাতে মালিকের শোষণের নগ্নরূপ আবারও প্রকাশিত হয়েছে। কিন্তু গরীব, মেহনতি, খেটে খাওয়া মানুষ অসহায়। পেটের দায়ে তারা শোষণ-নিপীড়ন মেনে নেয়। করোনা শিক্ষা দিয়েছে, মেহনতি মানুষকে সংগঠিত করতে হবে।”
অনলাইন এই আয়োজনে প্রমা, বোধন ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা আবৃত্তি করেন।
উদীচীর শিল্পীরা গণসঙ্গীত এবং ওড়ীষী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা নাচ পরিবেশন করেন।
চট্টগ্রাম থিয়েটার ‘১৯৭১’ শীর্ষক নাটক পরিবেশন করে অনলাইনে।
