চট্টগ্রামে এক পুলিশসহ আরও চারজন আক্রান্ত
চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাবে মোট ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এদের মধ্যে পাঁচজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন।
আক্রান্তদের চারজন চট্টগ্রামের এবং একজন ফেনী জেলার। চট্টগ্রামের চারজনই মহানগর এলাকার।
এদের মধ্যে দামপাড়া পুলিশ লাইন্সের ৩০ বছর বয়সী একজন কনস্টেবল রয়েছে বলে নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ জানিয়েছেন।
তিনি বলেন, ওই পুলিশ সদস্য বর্তমানে পুলিশ হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি আছেন।
তাকে নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের মোট ১০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এর বাইরে নগরীর কালু শাহ নগর এলাকার ৫০ বছর বয়সী একজন, নগরীর ইপিজেড এলাকার ৫২ বছর বয়সী একজন এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার ৪৫ বছর বয়সী একজন আক্রান্ত হয়েছে। এরা সবাই পুরুষ।
বিআইটিআইডিতে চট্টগ্রাম ছাড়াও বিভাগের বিভিন্ন জেলার নমুনাও পরীক্ষা করা হয়। সে হিসেবে বিআইটিআইডিতে বুধবার পর্যন্ত দুই হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে ১১৩ জনের।
চট্টগ্রাম জেলায় এ সংখ্যা দাঁড়াল ৬৯ এ। চট্টগ্রামে মারা গেছে এ পর্যন্ত ছয়জন।
