পাঁচলাইশে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রামে একটি অ্যালুমিনিয়ামের দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
সোমবার বিকালে পাঁচলাইশ থানার মীর্জাপুল বাইলেনের হযরত মামুন খলিফা দরবার অ্যালমনিয়াম ওয়ার্কস নামে একটি দোকানে এ অভিযান চালানো হয়।
দোকানটির মালিক মো. আজিজকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-৭ এর মেজর মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান চালানো হয়।
"এসময় তল্লাশি চালিয়ে ক্যাশবক্সের পাশে বাজারের ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মুশফিকের দাবি, আজিজ পেশাদার মাদক ব্যবসায়ী। অ্যালুমিনিয়ামের দোকানের আড়ালে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।
আজিজের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
