২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধের জেরে ছোটভাইয়ের ইটের আঘাতে বড়জনের মৃত্যু

বিরোধের জেরে চট্টগ্রামের আগ্রাবাদ পানওয়ালাপাড়ায় ছোটভাইয়ের ইটের আঘাতে মারা গেল বড়জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 10:05 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া হাড্ডি কোম্পানি মোড়ের মফজল সওদাগরের বাড়িতে এ ঘটনা বলে পুলিশের ভাষ্য।

মারা যাওয়া আজগর আলী (৪৯) ওই এলাকার বাসিন্দা।

ডবলমুরিং থানার এসআই শাহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মফজল সওদাগর বাড়ির বাসিন্দা আজগর আলীর সঙ্গে তার ছোটভাই আব্বাস আলী বাচ্চুর পারিবারিক সম্পত্তি ও দোকান নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “এর জের ধরে আজ বেলা ৩টার দিকে ঝগড়া বাঁধে এবং একপর্যায়ে হট্টগোল হয় এবং বাচ্চু তার বড়ভাই আজগরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একটি ইট তার ডান বুকে এবং পায়ের গোড়ালিতে পড়ে।”

এতে আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই শাহিনুল বলেন, প্রতিবেদন পাওয়ার জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। 

ঘটনার পর থেকেই ছোটভাই আব্বাস আলী বাচ্চু পলাতক। তাকে ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানায়।