জীবন বাঁচাতে হবে, জীবিকাও: তথ্যমন্ত্রী
বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবেলায় দেশের মানুষের জীবন ও জীবিকা উভয়ই রক্ষার কথা বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে কোভিড-১৯ পরিস্থিতিতে ত্রাণ ও অন্যান্য বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় সভাশেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, “একইসাথে সরকারকে দুটি বিষয়ে ভাবতে হয়। জীবন যেমন রক্ষা করতে হবে, মানুষের জীবিকাও রক্ষা করতে হবে। এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
সরকারের পদক্ষেপে বাংলাদেশে পরিস্থিতি এখনও তুলনামূলক ভালো দাবি করে তিনি বলেন, “তাই বলে সরকার বসে নেই, ভবিষ্যতে যে কোন পরিস্থিতি হতে পারে, সেজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। “
সরকারিভাবে দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ১৭ লক্ষ টন খাদ্যশস্য মজুদ ছিল। ইতোমধ্যে এক লাখ টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরও ছয় লাখ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আজকে একটি মাস দেশের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। বাংলাদেশে একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। এটিই হচ্ছে সরকারের সফলতা।”
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা পরিচালনা করেন চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন।
এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
‘ভিআইপিদের আলাদা ব্যবস্থা নেই’
করোনাভাইরাসে আক্রান্ত ভিআইপিদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা হয়নি বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, “সরকারের এধরনের কোনো সিদ্ধান্ত নেই এবং ছিল না। এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী আজকে পরিষ্কার করেছেন।
“আমি জানি, দু'একটি অনলাইনে এই ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। ভালোমত যাচাই না করে যারা এই ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দেওয়া দায়িত্বশীল সাংবাদিকতা নয়।”
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এক প্রশ্নের জবাবে বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের আঁধারে তাদের ঘরে ত্রাণ পৌছানো হচ্ছে। হয়ত সবার কাছে পৌঁছাচ্ছে না। তবে বাংলাদেশের মানুষের সামাজিক বন্ধনটা অনেক বেশি। এই সময়ে বোঝা যাচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
“এটা এই সংকটের মধ্যে প্রমাণ হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। মানুষকে কত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরত নেওয়া যায়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন।”
সমন্বয় সভায় সংসদ সদস্যদের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম ফজলে করিম চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ, নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, ওয়াসিকা আয়েশা খান, খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বক্তব্য রাখেন।
