চট্টগ্রামের আরও দুই উপজেলা অবরুদ্ধ
নতুন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে আরও দুইটি উপজেলাকে অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে ফটিকছড়ি ও সন্ধ্যা ছয়টা থেকে রাউজান উপজেলা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
এই নিয়ে চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে ছয়টিকে অবরুদ্ধ করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, করোনভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত এবং জেলা প্রশাসকের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ফটিকছড়ি উপজেলাকে লকডাউন করা হয়েছে।
“ইতোমধ্যে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারে কাজ করা এক চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ এসেছে। সতকর্তার অংশ হিসেবে পুরো উপজেলা লকড ডাউন করা হয়েছে।
“বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলা থেকে কোনো লোক, যানবাহন বের হতে পারবে না এবং প্রবেশও করতে পারবে না।”
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাউজান উপজেলা অবরুদ্ধ থাকার কথা জানিয়েছেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ।
তিনি বলেন, রাউজান উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া না গেলেও আগাম সতর্কতা হিসেবে লকডাউন করা হচ্ছে।
কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর গত ১৫ এপ্রিল সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা অবরুদ্ধ করা হয়েছিল। এরপর হত ১৭ এপ্রিল বাঁশখালী ও ১৯ এপ্রিল হাটহাজারী উপজেলা অবরুদ্ধ করা হয়।
