কোভিড-১৯: চট্টগ্রামে আরও পাঁচজন সুস্থ
চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসজনিত কোভিড-১০ এ আক্রান্ত আরও পাঁচ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই পাঁচ রোগী ছাড়পত্র পান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা করোনাভাইরাস আক্রান্ত পাঁচ রোগী বিভিন্ন সময়ে করা নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তাদের মধ্যে ভাইরাসের কোনো উপসর্গও নেই।
“সে কারণে তাদের হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়া হয়েছে।”
এর আগে গত সোমবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে সুস্থ দুই রোগী বাড়ি ফিরে যান।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় সাতজন কোভিড-১৯ রোগী সুস্থ হলেন।
জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৩০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ২৩ জন কোভিড-১৯ রোগী।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ জন। এদের মধ্যে ছয়জন মারা গেছেন।
