চট্টগ্রামে পুলিশ সদস্যসহ নতুন ৪ রোগী শনাক্ত
চট্টগ্রাম জেলায় পুলিশ সদস্যসহ চারজন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া লক্ষীপুরের চারজন এবং নোয়াখালীর একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
রোববার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ মোট ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর মধ্যে ১০ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। চট্টগ্রাম জেলায় পাঁচজন এবং লক্ষ্মীপুরে চার ও নোয়াখালী জেলার একজন রয়েছেন।”
চট্টগ্রাম জেলার পাঁচজনের মধ্যে একজন সাতকানিয়া এলাকার পুরনো রোগী।
হাসান শাহরিয়ার কবির বলেন, নতুন করোনা আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ৪৩ বছর বয়েসী একজন, নগরীর পশ্চিম কাট্টলী এলাকার ২৫ ও ২৬ বছর বয়েসী দুইজন এবং সাতকানিয়া এলাকার ৪৫ বছর বয়েসী একজন রয়েছেন।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯ জনে।
আক্রান্ত পুলিশ সদস্য একজন ট্রাফিক কনস্টেবল। দামপাড়া ট্রাফিক ব্যারাকে থাকেন তিনি। দামপাড়া পুলিশ লাইনে আক্রান্তের সঙ্গে একত্রে কর্মরত ছিলেন তিনি।
ওই কনস্টেবল মনসুরাবাদ পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে ছিলেন বলে জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিকী জানান।
এ পর্যন্ত চট্টগ্রামে চার পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে চট্টগ্রাম ছাড়াও বিভাগের বিভিন্ন জেলার ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানে এ পর্যন্ত এক হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৭০ জন।
