চট্টগ্রামে পরীক্ষায় আরও ৪ কোভিড-১৯ রোগী শনাক্ত
চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া লক্ষ্মীপুরের আরও তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
শনিবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ মোট ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে মোট পাঁচজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বলেন, “এদের মধ্যে একজন পুরনো রোগী। এছাড়া তিনজন লক্ষ্মীপুরের এবং চট্টগ্রাম জেলার একজন নতুন রোগী।”
চট্টগ্রামে নতুন আক্রান্ত আনুমানিক ৩৩ বছর বয়েসী নারী নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে এক হাজার ৩৩৮জন ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
এর মধ্যে চট্টগ্রাম জেলার রয়েছে ৩৫ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন।
