২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের দাবিতে বিক্ষোভের মধ্যে খাবারের গাড়ি লুট

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বড়পুল এলাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভের মধ্যে জাহাজে খাবার সরবরাহকারী একটি পিকআপ ভ্যানে লুট হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 10:08 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

শনিবার বেলা ১২টার দিকে হালিশহর থানাধীন বড়পুল মোড় এলাকায় লুটপাটের এই ঘটনা ঘটে বলে পিকআপটির চালক রবিউল হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি পতেঙ্গার পদ্মা অয়েলের জেটিতে থাকা একটি জাহাজের নাবিকদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন।

“আমরা রেয়াজুদ্দিন বাজার থেকে খাবার পিকআপে করে পতেঙ্গা এলাকায় যাচ্ছিলাম। আগ্রাবাদ এলাকায় লোকজনের বিক্ষোভ দেখতে পাওয়ায় বড়পুল দিয়ে যাবার চেষ্টা করি। সেখানে কিছু লোক আমাদের গাড়িটি আটকে সাথে থাকা খাবার সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।”

রবিউল বলেন, পিকআপ থেকে দুই বস্তা চাল, দুই কার্টন আপেল, এক কার্টন মাল্টা, ১৪ কেজি গরুর মাংস, বিপুল পরিমাণ তরমুজ ও বাঁধাকপি লুট হয়েছে।

বিষয়টি নিয়ে হালিশহর থানায় যোগাযোগ করা হলে ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এমন কোনো খবর জানেন না, কেউ থানায় অভিযোগও করেনি।

তবে ওই সময়ে বড়পুল এলাকায় ত্রাণের দাবিতে অটোরিকশা চালকরা বিক্ষোভ করেছিল বলে জানান ওসি।

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে সঙ্কটে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

বড়পুল এলাকায় বিক্ষোভকারী অটোরিকশা চালকরা বলছেন, ২০ দিনেরও বেশি সময় ধরে তারা গাড়ি নিয়ে সড়কে নামতে না পারায় কোনো রোজগার নেই। তাদের যা জমা টাকা ছিলও, তাও শেষ হয়ে গেছে। তারা কোনো ত্রাণসামগ্রীও পাননি।