২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততার সাথে ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে মেয়রের নির্দেশ

সরকারি ত্রাণসামগ্রী বুঝে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তালিকাভুক্তদের ঘরে ঘরে সেসব পৌঁছে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 08:44 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

শনিবার মেয়র আন্দরকিল্লায় নগর ভবন প্রাঙ্গণে সরকারি ত্রাণসামগ্রী বিতরণের প্রস্তুতি পরিদর্শনের সময় কাউন্সিলরদের এ নির্দেশনা দেন।

এসময় নাছির বলেন, এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে জনগণের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।

“এখন পর্যন্ত সরকারের বরাদ্দকৃত যে পরিমাণ ত্রাণসামগ্রী সিটি কর্পোরেশন বুঝে নিয়েছে তা তালিকাভুক্ত ত্রাণ গ্রহিতাদের মাঝে দ্রুত বন্টনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তা ত্রাণ গ্রহীতাদের কাছে পৌঁছে দেয়ার জন্য ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্ব দেয়া হচ্ছে।”

সিসিসির মাধ্যমে সরকারি ত্রাণ বিতরণে ধীরগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের শনিবারের জেলার সরকারি ত্রাণ সহায়তা পরিস্থিতি প্রতিবেদনে দেখা যায় ৬৯০ টন ত্রাণ নগরীতে বিতরণের জন্য সিসিসিকে বরাদ্দ দেয়া হয়েছে।

সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত ৩৯০ টন ত্রাণ আমরা পেয়েছি। এর মধ্যে ২৯০টন বিতরণ শেষ। বাকি ১০০ টন বিতরণ চলছে।

“আর ২০০ টন ত্রাণ আগামীকাল বা পরশু উত্তোলন করা হবে। শেষ ১০০ টনের বরাদ্দপত্র এখনও আমরা পাইনি।”

শনিবার কাউন্সিলরদের দেয়া নির্দেশনায় মেয়র নাছির বলেন, “কোনো কোনো ওয়ার্ডে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এই বিলম্বের কারণে সরকারি বরাদ্দ সময়মত না পাওয়ায় জন অসন্তোষের কারণ সৃষ্টি হতে পারে।

“ফলে ত্রাণ বিতরণে দায়িত্বপ্রাপ্ত কোনো কোনো ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলদের শ্লথ ও ধীরগতি পরিলক্ষিত হওয়ায় সরকারের মহতি উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হওয়ার মত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে কাউন্সিলরদের তৎপর হতে হবে।”

মেয়র নাছির বলেন, “ত্রাণ গ্রহিতাদের তালিকা তৈরির সময় দলমত নির্বিশেষে যাতে সকলেই অন্তর্ভুক্ত হতে পারে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখতে হবে।”

এসময় সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন।