চট্টগ্রামে যুবলীগ নেতা বাচ্চুর উদ্যোগে খাবার বিতরণ
করোনাভাইরাস সঙ্কটে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বুধবার সরাইপাড়া, উত্তর আগ্রাবাদ, রামপুর ও উত্তর হালিশহর ওয়ার্ডে অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নগরী চারটি ওয়ার্ডে বুধবার এই যুবলীগ নেতার উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
নয়াবাজার, রামপুরা, হালিশহর বি ব্লক, আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুল চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর আগ্রাবাদ মিস্ত্রিপাড়া ও মুন্সী বাড়ীর প্রাঙ্গনে খাদ্য সামগ্রি দেয়া হয়।
যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু বলেন, “বিপদের সময়ে সাধারণ মানুষের পাশে থাকাই রাজনীতিবিদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দলের সব পর্যায়ের নেতারা যেন কর্মহীন দরিদ্র মানুষের পাশে থাকে।
“তাই নগরীর ৪১টি ওয়ার্ডে মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে নগরীর সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাব।”
মহিউদ্দিন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারদিন আগে থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে চার হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আরও ছয় হাজার প্যাকেট প্রস্তুত আছে। ধারাবাহিকভাবে দেওয়া হবে।
বুধবার খাদ্য সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, নগর যুবলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম কায়সার, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল, নগর যুবলীগের সদস্য আলমগীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এসএম আরিফুল ইসলাম, যুবলীগ নেতা এডভোকেট সৈয়দ রবি প্রমুখ।
