সাগরে আটকা পড়া মাঝি-মাল্লাদের ত্রাণ দিল পুলিশ
বঙ্গোপসাগরে আটকা পড়া মাঝি-মাল্লাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
বৃহস্পতিবার বাঁশাখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উপকূলীয় এলাকা খাটখালিতে এ ত্রাণ বিতরণ করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকা পড়া মাঝি-মাল্লারা দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল নিয়ে চট্টগ্রামে এসেছিলেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা খুটাখালীও আশপাশের এলাকায় বেশ কিছু ট্রলার, নৌকায় আটকা পড়েন।
তিনি জানান, ২০ দিনেরও বেশি সময় ধরে তারা সাগরে আটকা পড়ায় তাদের বহনকারী নৌকাগুলোতে খাদ্য সংকট দেখা দিয়েছে। বিষয়টি তাদের মধ্যে কেউ জেলা পুলিশ সুপারকে অবহিত করেছিলেন।
পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে তার পক্ষ থেকে বৃহস্পতিবার ২৫০ জন মাঝি-মাল্লাকে চাল, ডাল, তেল, লবণ ও পেঁয়াজ দিয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা টুটুল।
