২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের মধ্যে চট্টগ্রাম ছাড়তে গিয়ে ধরা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে চট্টগ্রাম ছাড়তে গিয়ে ধরা পড়েছেন ২০ জন, তাদের বহনকারী পিকআপ ভ্যানের চালক ও মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 05:54 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

নগরীর বাকলিয়া থানার বগারবিল এক্সেস রোডে মঙ্গলবার রাতে গাড়িটি আটকায় পুলিশ। ওই গাড়িতে নারী, পুরুষ শিশু মিলিয়ে ২০ জন ছিলেন।

গাড়িটির চালক মো. মঈনউদ্দিন (২৫) এবং মালিক বেলাল উদ্দিনকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নিষেধাজ্ঞা অমান্য করে গাড়িতে করে যাত্রী নিয়ে কিশোরগঞ্জে যাচ্ছিলেন।

“পিকআপের উপরে ত্রিপল দিয়ে মালামালের মতো করে ঢেকে লোকগুলোকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া ৫ নম্বর ব্রিজ এলাকায় থানা পুলিশের একটি টহল দল গাড়িটিকে থামার সঙ্কেত দিলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত চলে যায়। পরে ধাওয়া করে বগারবিল এক্সেস রোড থেকে গাড়িটি আটক করা হয়।”

ওসি বলেন, “যাত্রী সবাই নিরক্ষর ও দরিদ্র। তাদের বাড়ি অষ্টগ্রামে। নগরীতে তারা বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করেন এবং বগারবিল এলাকায় থাকেন।  

“গাড়ির মালিক বেলাল, পলাতক উজ্জ্বল ও বাবুল তাদেরকে বুঝিয়েছে, চট্টগ্রামে করোনার প্রকোপ বেড়ে গেছে। সেজন্য তারা যেন নিজদের বাড়িতে চলে যায়।”

এজন্য গাড়ির চালক-মালিক প্রতিজনের কাছে এক হাজার টাকা করে নিয়েছিল বলে জানান ওসি।

প্রথমে চালককে আটকের পর গাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়। অন্য দুইজনকেও ধরার জন্যও পুলিশ চেষ্টা করছে বলে জানান ওসি নেজাম।

তিনি বলেন, চারজনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।