২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের ইপিজেড ও আতুরার ডিপো এলাকায় দুটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 01:36 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

ইপিজেড থানার ওসি মো. নুরুল হুদা জানান, ওই এলাকার পদ্মা ওয়্যার গার্মেন্টসের শ্রমিকরা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেড মোড়ে গিয়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে তাদের ‘বুঝিয়ে’ সড়ক থেকে সরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ওই কারখানায় দুই হাজারের মতো শ্রমিক রয়েছে। আজ তাদের বেতন দেওয়ার কথা ছিল। সেজন্য সকাল থেকে তারা কারখানায় জড়ো হয়েছিল। কিন্তু মালিক পরে বেতন দেওয়ার কথা বললে তারা বিক্ষোভ শুরু করে।”

এদিকে ইত্যাদি গার্মেন্টস নামে আরেকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বন্দরনগরীর আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানায় বুধবার বেতন দেয়ার কথা থাকলেও মালিক তা পিছিয়ে দেন।

“শ্রমিকরা তখন বিক্ষুব্ধ হয়ে কারখানার সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।“

নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিশ্বের বড় একটি অংশে এখন ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বন্ধ। বাংলাদেশেও সব অফিস আদালত ও যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে ঘরে থাকতে বলেছে। গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএও সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে।

দারুণভাবে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য ইতোমধ্যে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

ওই তহবিলের টাকা গার্মেন্ট মালিকরা পাবেন ঋণ হিসেবে। যেসব কারখানা শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছে, তারাই এ তহবিলের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে।