২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনের নিচে দোকান খুলে চলছিল আড্ডা

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখা এবং সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা থাকলেও নগরীর একটি ভবনের নিচে দোকান খুলে ২০-২৫ জন মিলে আড্ডা দেওয়ার প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 10:10 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

সোমবার সন্ধ্যার পর ছদ্মবেশে ওই এলাকায় অভিযান চালিয়ে আড্ডারত সাতজনকে হাতেনাতে ধরার পর ভবন মালিক ও আড্ডাবাজদের জরিমানা করা হয়।

নগরীর ইপিজেড থানার কলসির দিঘীর পাড় এলাকার টাওয়ার গলিতে মো. শাহীনের মালিকানাধীন চারতলা ভবনের নিচতলায় আড্ডা চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ পোশাকে আমরা চারজন সেখানে যাই। ভবনটির নিচতলায় খালি জায়গা টিন দিয়ে ঘেরা। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ওই অংশে দোকান আছে।

“টিন দিয়ে ঘেরা ওই অংশে একটি মুদি দোকান। সেখানে একটি জুস কর্নার ও চায়ের দোকান খোলা হয়েছে। সেই দোকান আবার বাইরে থেকে বন্ধ থাকে। টোকা দিলে খোলে। ঢুকে দেখা যায় সেখানে বসে ২০-২৫ জন আড্ডা দিচ্ছিল।”

মো. তৌহিদুল ইসলাম বলেন, “সেখানে জুস ক্রেতা হিসেবে অবস্থান করে দেখতে পাই তারা সামাজিক দূরত্ব না মেনে বসে বসে ফেসবুকে করোনাভাইরাস সংক্রান্ত খবর দেখছে।

“কোথায় কত লোক আক্রান্ত, চট্টগ্রামে কোথায় ভবন লকডাউন হয়েছে এসব তারা জানে এবং সেসব নিয়ে আড্ডা চলছে। কিন্তু নিজেরা সামাজিক দূরত্ব মানছে না। এ অবস্থায় আমরা সাতজনকে আটক করি।”

এরপর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ওই গলিতে প্রবেশের আগেই আড্ডায় থাকা বাকিরা আশপাশের বিভিন্ন ভবনে ঢুকে পড়ে।

সন্ধ্যার পর মুদি দোকান চালানোয় এবং আড্ডাবাজির আয়োজন করায় ভবন মালিক মো. শাহীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর আড্ডাবাজদের আর্থিক সামর্থ্য বিবেচনায় তাদের মোট ৮০০ টাকা জরিমানা করা হয়।

পৌনে দুই লাখ টাকা জরিমানা

এদিকে প্রতিদিনের মত নগরীতে জেলা প্রশাসনের মোট ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযানে ৬৮টি মামলায় মোট এক লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাহাজ থেকে নেমে স্থানীয় বাজারে কেনাকাটা, অপ্রয়োজনে দোকান খোলা রাখা, ভবনের নির্মাণকাজ চলমান রাখা ও আড্ডা দেওয়াসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীর ১৫ ও ১৪ নম্বর ঘাটসহ ওই এলাকায় নৌকায় চলাচল সীমিত রাখতে আগে থেকেই নির্দেশনা ছিল।

“কিন্তু মুন্সিগঞ্জ থেকে আসা পণ্যবাহী একটি জাহাজের কর্মীরা পতেঙ্গা সৈকতের স্পিডবোটের ঘাটে নেমে স্থানীয় বাজারে কেনাকাটা করতে এসেছিল।”

সংশ্লিষ্ট ব্যবসায়িক গ্রুপের স্থানীয় প্রতিনিধিরা যাতে জাহাজে থাকা লোকজনকে তাদের প্রয়োজনীয় নিত্যপণ্য পৌঁছে দেন সে বিষয়ে নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিজি শিপিংকে অবহিত করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

এছাড়া অভিযানে পতেঙ্গা এলাকায় বাঁশ দিয়ে গলির মুখ বন্ধ করে ভিতরে টেইলার্স ও হার্ডওয়ারের দোকান খোলা রাখার প্রমাণ পাওয়া যায়। গোসাইলডাঙ্গা এলাকায় গলির ভেতরে  ছেলের ক্যারাম বোর্ড খেলতে দেখে তা ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার নগরীর পতেঙ্গা, বন্দর, আগ্রাবাদ, মুরাদপুর, দামপাড়া, কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং, ইপিজেড, খুলশী, বাকলিয়া, পাঁচলাইশ, আকবর শাহ, পাহাড়তলি, হালিশহর, চান্দগাঁও, চকবাজার, বায়েজিদ বোস্তামি এলাকায় এসব অভিযানে মোট এক লাক ৮২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।