চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসকদের জন্য হোটেল নির্ধারণ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘করোনা আইসোলেশন ওয়ার্ডে’ দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য একটি হোটেল নির্ধারণ করা হয়েছে।
রোববার জেনারেল হাসপাতাল সংলগ্ন হোটেল আল ইমামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উঠেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে করোনা ভাইরাসের জন্য নির্দিষ্ট আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করে আসা ১৭জন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী আজ ওই হোটেলে উঠেছেন। তাদের খাবার হাসপাতাল থেকে পৃথকভাবে রান্না করে পাঠানো হচ্ছে।”
জেনারেল হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য শুরুতে নগরীর আসকার দীঘির পাড়ের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। পরে জেলা প্রশাসকের সাথে কথা বলে হোটেল আল ইমাম নির্ধারণ করা হয়।
