চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয় তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। তাছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে।
“এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাডেমিক ক্যালেন্ডারে ১ মে থেকে রমজান ও ঈদ উল ফিতরের ছুটি ছিল। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত।
“মাঝের পাঁচ দিন ক্যাম্পাস খোলা রাখলে শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়তে পারে বলে আপাতত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।”
১৬ মার্চ এক জরুরি সিন্ডিকেট সভায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল মোট ২২ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সাথে ১৮ মার্চ বেলা ২টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল।
