দরিদ্রদের সহায়তায় একদিনের বেতনের অর্থ দেবেন চবি শিক্ষকরা
নভেল করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে হতদরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের অনলাইন সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ হতদরিদ্র জনগোষ্ঠী সাহায্যার্থে প্রদান করার প্রস্তাব করা হয়েছে।
“কারও যদি এতে অসম্মতি থাকে তাহলে ৫ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছিল। যেহেতু কোনো শিক্ষক এতে আপত্তি জানাননি, তাই শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে।
“আমরা সংগৃহীত টাকা তিনটি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । খাতগুলো হল- মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশ্ববর্তী এলাকার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য খাতে জরুরি প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে পিপিই ও মাস্কের জন্য।”
শিগগিরই এই অনুদান হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এমদাদুল হক।
এছাড়া ‘ব্যায় সংকোচন’ করে এক কোটি টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটি ও সিন্ডিকেট সদস্যদের অনুমতিক্রমে বিশ্বদবিদ্যালয়ের বিভিন্ন খাতের ব্যয় সংকোচন করে এই অনুদান দেওয়া হয়েছে।
