চট্টগ্রামে কোয়ারেন্টিনে না থাকায় ৮ জনকে সোয়া লাখ টাকা জরিমানা
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টিনের নিয়ম অমান্য করায় বিদেশ ফেরত আটজনকে মোট এক লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে জেলার সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, মীরসরাই, পটিয়া ও বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তারা এসব জরিমানা করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “হোম কোয়ারেন্টিন অমান্য করে প্রকাশ্যে চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট বিদেশ ফেরতকে মোট এক লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিজ নিজ উপজেলার ইউএনওরা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।”
এরমধ্যে সাতকানিয়ায় সৌদি ফেরত একজনকে ১০ হাজার টাকা, রাউজানে ওমান ফেরত একজনকে ২০ হাজার টাকা এবং ফটিকছড়িতে ওমান ও সৌদি আরব ফেরত দুই প্রবাসীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাঙ্গুনিয়া উপজেলায় আবুধাবী ফেরত একজনকে ১০ হাজার টাকা, মীরসরাইয়ে আমেরিকা ফেরত একজনকে ১০ হাজার টাকা, পটিয়ায় সৌদি আরব ফেরত একজনকে ৭ হাজার টাকা ও বাঁশখালীতে বাহরাইন ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে তাদেরকে হোম কোয়ারেন্টান নিশ্চিত করা হয় বলেও জানান সহকারী কমিশনার মাসুদুর রহমান।
এরআগে বুধবার হোম কোয়ারেন্টিন না মানায় পাঁচ উপজেলা ও নগরীতে আটজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছিল স্থানীয় প্রশাসন।
বাংলাদেশে কভিড-১৯ রোগী পাওয়ার পর ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে যেই আসুক, ১৪ দিন ঘরে আবদ্ধ থাকার বাধ্যবাধকতা আরোপ করেছে সরকার।
কোচিং সেন্টারকে জরিমানা
বাইরে তালা দিয়ে ভিতরে শিক্ষার্থীদের পড়ানোর খবর জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ পেয়ে কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
কেরানীহাট এলাকার কনফিডেন্ট কোচিং সেন্টার, এক্সেল কোচিং সেন্টার ও ইংলিশ পয়েন্ট কোচিং সেন্টারের প্রত্যেকটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করে উপজেলা প্রশাসন।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ রাখতে বলেছে।
সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯৯৯ এ একটি কোচিং সেন্টার খোলা থাকার বিষয়ে ফোন করা হলে তাকে ঢাকা থেকে জানানো হয়। এরপর দুপুরে তিনি অভিযানে নামেন।
“গিয়ে দেখি বাইরে তালা, ভিতরে ২০ থেকে ৩০ জন করে শিক্ষার্থী আছে। তাদের পড়ানো হচ্ছে। বেশিরভাগ অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। জরিমানা করে কোচিং সেন্টার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছি। শিক্ষার্থীদের বলেছি বাড়িতে থাকতে।”
এদিকে আনোয়ারা উপজেলা সদরেও দুই প্রাইভেট পড়ানো শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান ইউএনও শেখ জোবায়ের আহমদ।
তিনি বলেন, “বাইরে থেকে দরজা বন্ধ কিন্তু ভিতরে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছিল। এ অভিযোগে মিটন দে ও রুবেল দাশ নামের দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।”
