২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা সৈকত বন্ধ

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া নিষিদ্ধ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2020, 05:31 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

বুধবার বিকাল থেকে সৈকত এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৈকতে কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগে যারা প্রবেশ করেছে, তাদের স্থান ত্যাগ করতে বলা হচ্ছে।”

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ার পর জনসমাগমের মতো কর্মসূচি বন্ধ রাখতে বলা হচ্ছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারও জনসমাগম না ঘটিয়ে চালাতে বলা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে।

এরমধ্যে মঙ্গলবার সরকারি ছুটির দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বিপুল লোক সমাগম ঘটে, যা নিয়ে অনেকে সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

এরপরই তৎপর হয় পুলিশ।

বুধবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান তার ফেইসবুক ওয়ালে পতেঙ্গা সৈকতে মঙ্গলবারের লোক সমাগমের ছবি পোস্ট করে লেখেন- “এই হলো পতেঙ্গা সৈকতের গতকাল বিকালের দৃশ্য…

করোনা ভাইরাস থেকে নগরবাসীকে বাঁচাতে আমরা দায়িত্ব নিলাম…

খালি থাকবে সৈকত

দয়া করে কেউ যাবেন না।”

কমিশনার মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের জন্য নগরবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হল।”

এদিকে পতেঙ্গার পর চট্টগ্রামের আরও তিনটি সৈকতে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার বিকালে সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী, বাঁশবাড়িয়া ও কুমিরাঘাটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লোক সমাগম ঠেকাতে বিকাল থেকে পর্যটকদের জন্য দুটি সমুদ্র সৈকত ও কুমিরা ঘাটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”