করোনাভাইরাস আতঙ্কে চবির শ্রেণিকক্ষ শিক্ষার্থীশূন্য
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আতঙ্কে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোঠায় নেমে এসেছে।
এরমধ্যে আটটি বিভাগের শিক্ষার্থীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ক্লাসে উপস্থিত হয়নি। পাশাপাশি অন্য তিনটি বিভাগের শিক্ষার্থীরাও ক্লাসে হাজির হয়নি, তবে তারা কোনো ঘোষণা দেয়নি।
পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে সোমবার বিকাল ৪টায় সিন্ডিকেট সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তার আগেই সরকারের পক্ষ থেকে ৩১ মার্চ নাগাদ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এতদিন সরকার কোনো সিদ্ধান্ত না দিলেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমছিল।
সোমবার পূর্ব ঘোষিত 'সিদ্ধান্ত অনুসারে' বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কমপক্ষে আটটি বিভাগের শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমে উপস্থিত হয়নি।
পাশাপাশি আরও তিনটি বিভাগের কোনো কোনো বর্ষের শিক্ষার্থীরাও ক্লাসে হাজির হননি। এগুলো হলো- আন্তর্জাতিক সম্পর্ক, রসায়ন, ইসালামিক ইতিহাস বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের মোট ৫২টি বিভাগের মধ্যে অধিকাংশেই শিক্ষার্থী উপস্থিতির হার ছিল খুবই কম।
উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন বিভাগে শিক্ষার্থী তুলনামূলকভাবে কম উপস্থিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বন্ধ দেওয়া হবে কি না, সে বিষয়ে বিশেষ সিন্ডিকেট ডাকা হয়েছে। সিন্ডিকেটে বন্ধের বিষয়ে আলোচনা হবে।”
রোবরার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শ্রেণী প্রতিনিধি মারজান আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সম্প্রতি নভেল করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে অনেক মানুষ মারা যাচ্ছে। এর ভয়াবহতায় ইতোমধ্যে বিশ্বের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
"আমাদের তো শাটল কিংবা বাসে করে যাতায়াত করতে হয়, যা ঝুঁকিপূর্ণ। তাই আমাদের বিভাগের সব শিক্ষার্থী আজ (সোমবার) হতে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। বিষয়টি আমরা বিভাগের সভাপতি মহোদয় কে জানিয়েছি।”
ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভেল করোনাভাইরাস যেভাবে মানুষকে আক্রান্ত করছে। তা বর্তমানে সারাবিশ্বের জন্য হুমকিস্বরূপ।
কম্পিউটার সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো শান্ত বলেন, করোনা ভাইরাসের কারণে পাশ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
"এমন পরিস্থিতিতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়া উচিত। নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের ক্লাস বর্জন করেছি।"
বিভিন্ন বিভাগের সভাপতিরা জানায়, শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় শিক্ষকেরা ক্লাস নিতে পারছেনা না।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্যদিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অনেক বর্ষের ক্লাস নেওয়া সম্ভব হয়নি।
একই কথা জানালেন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো আবদুল আলীম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীর উপস্থিতি কম থাকার কারণে শিক্ষকের ক্লাসে গিয়েও পাঠদান করতে পারেন নি।
