জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের প্রতিশ্রুতির শাহাদাতের
চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার বিকেলে নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি একথা বলেন।
শাহাদাত বলেন, “চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই নিচু এলাকাগুলো পানিতে ডুবে যায়।তখন নগরবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়।
“আমি মেয়র নির্বাচিত হলে নগরীর উন্নয়নে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”
নগরীর ভাড়াটিয়াদের কল্যাণে ও নগরবাসীর জন্য গণপরিবহন ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা উন্নত করতে কাজ করার প্রতিশ্রুতিও তিনি দেন।
“আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নগরপিতা নয়, নগরবাসীর সেবক হিসেবে নির্বাচিত করুন। আমি আপনাদের সেবক হয়ে সুখ-দুঃখে পাশে থাকব। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম উপহার দেব।”
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, উওর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ ও শেখ নুরুল্লাহ বাহার তার সঙ্গে ছিলেন।
