‘নিজের জন্য নয়, জাতীয় স্বার্থে’ ভোট চান নৌকার রেজাউল
উন্নয়নের ধারাকে অভিষ্ট লক্ষ্যে নিতে হলে সবাইকে এক কাতারে আসতে হবে মন্তব্য করে চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সেজন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে।
নৌকাকে ‘জাতির স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক’ দাবি করে এই আওয়ামী লীগ নেতা বলেছেন, “আমি নিজের জন্য চাই না, দলীয় ও জাতীয় স্বার্থে নিবেদিত প্রাণ। তাই ভোটটা আমার ব্যক্তির জন্য নয়, ভোট দেবেন জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য।”
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম বলেন, “চট্টগ্রামের সকল উন্নয়নে এবং চট্টগ্রামবাসীর সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে প্রতীক দিয়েছেন তা বিজয়ী করার দায়িত্ব নগরবাসীর।”
এ সময় আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর সঙ্গে দলের মহানগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
