২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা নেমেছি পথে’

ধর্ষণসহ নারীর প্রতি সব ধরণের সহিংসতা রোধে সব শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামার ডাক এসেছে চট্টগ্রামে এক সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 12:05 AM

Updated : 08 Apr 2022, 12:28 AM

বুধবার বিকালে চেরাগী পাহাড় মোড়ে আবৃত্তি সমন্বয় পরিষদ, চট্টগ্রাম অঞ্চল আয়োজিত ‘আমরা নেমেছি পথে’ শীর্ষক এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, “দেশব্যাপী শিক্ষাসহ মানুষের মানসিক অবক্ষয়ের কারণে ধর্ষণসহ বিভিন্ন যৌন হয়রানির ঘটনা হরহামেশাই ঘটছে। এটা প্রতিরোধ করতে হবে।”

সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী নেত্রী নুরজাহান খান, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকশনা সম্পাদক মিন্টু চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মাহবুবুর রহমান মাহফুজ ও সেলিম রেজা সাগর কর্মসূচিতে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র। পরিষদের নির্বাহী সদস্য তাসকিয়াতুন নুর তানিয়ার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাশেদ হাসান।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নির্মাণ আবৃত্তি সংগঠন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, নরেন আবৃত্তি একাডেমি, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, কণ্ঠনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্র, স্বদেশ আবৃত্তি সংগঠন, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী, ঐকতান পরিবার, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, উত্তরায়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দর্পন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ।