২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট সুষ্ঠু হলে জয় শাহাদাতের: নোমান

সুষ্ঠু নির্বাচন হলে চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বিপুল ভোটে বিজয়ী হবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 09:47 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী শাহাদাত হোসেনের সঙ্গে গণসংযোগে যোগ দেন তিনি।

নোমান বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভের জন্যই আমরা অংশ নিয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ডা. শাহাদাত বিপুল ভোটে জয়ী হবে। বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী। ২৯ মার্চ চট্টগ্রামবাসী ব্যালটের মাধ্যমে জবাব দিবে।”

সাবেক মন্ত্রী নোমান বলেন, “নব্বইয়ের গণআন্দোলনের পর লালদীঘি মাঠে বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা দেন। ২০০১ এ ক্ষমতায় আসার পর আমরা মন্ত্রিপরিষদে বিল পাস করি। আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করেনি।”

এনিয়ে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রতিশ্রুতির বিষয়ে নোমান বলেন, “এটা তো অনেক আগেই বিএনপি সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। বর্তমান সরকার করেনি কেন?

“জলাবদ্ধতা চট্টগ্রামের প্রধান সমস্যা। বারবার সরকারে থাকার পরেও এই ব্যাপারে কিছু হচ্ছে না। আমাদের প্রার্থী মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনসহ সিটি করপোরেশনের মাধ্যমে যেসব উন্নয়ন করা দরকার, আমরা করব।”

সকালে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করে বিকেল পর্যন্ত ২ নম্বর জালালাবাদ এবং ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী।

গণসংযোগে শাহাদাত বলেন, “যে এলাকাগুলোতে গণসংযোগ করেছি এগুলো অবহেলিত। নির্বাচিত হলে সবার সাথে মতবিনিময় করে সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নে এগিয়ে যাব।

“দিনের ভোট রাতে নিয়ে ফেলায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। আপনারা ভোটাধিকার রক্ষার জন্য কেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে সহায়তা করবেন।”  

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর মো. হেলাল উদ্দীন ও সাথী উদয় কুসুম বড়ুয়া, চাকসু ভিপি নাজিম উদ্দিন, দক্ষিণ জেলার সদস্য সচিব মোস্তাক আহাম্মদ খান প্রমুখ।