চট্টগ্রাম সিটি নির্বাচনে ৭৩৫ কেন্দ্রে ভোটার সাড়ে ১৯ লাখ
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে মোট ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার মোট ৭৩৫টি কেন্দ্রে ভোট দেবেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক তালিকায় এই তথ্য জানানো হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার ৭৩৫টি কেন্দ্রের ৪৮৮৬টি বুথে ভোট দেবেন। এটাই চূড়ান্ত।
“হালনাগাদের আগের তালিকায় থাকা ভোটারদের মধ্যে বেশ বড় একটা অংশ (ভোটাররা) মাইগ্রেট হয়েছেন (স্থানান্তর)। এছাড়া অনেকে মারা গেছেন। মাইগ্রেট ও মৃতদের বাদ দিয়ে এবং হালনাগাদে ভোটার হওয়া ৮৫ হাজার ৮৪ জনকে অন্তর্ভুক্ত করেই এই চূড়ান্ত তালিকা করা হয়েছে।”
তালিকা অনুসারে এবার সিটি ভোটে পুরুষ ভোটার থাকছেন ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।
নগরীর ওয়ার্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি ভোটার ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে এক লাখ ২৩ হাজার ৭২৪ জন। আর সর্বনিম্ন ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ১৫ হাজার ২৮৮ জন।
২০১৯ সালে হালনাগাদের আগে (এপ্রিলে) নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ১৯ লাখ ২ হাজার ৮১১ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৭৮ হাজার ৬০ জন এবং নারী ৯ লাখ ২৪ হাজার ৭৫১ জন।
এরপর হালনাগাদে আরো ৮৫ হাজার ৮৪ জন নতুন ভোটার যুক্ত হন। সে হিসেবে মোট ভোটার হওয়ার কথা ১৯ লাখ ৮৯ হাজারের মত। ওই হিসাব ধরলে, এর থেকে প্রায় ৩৮ হাজার ভোটার স্থানান্তরিত ও মারা যাওয়ায় চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছেন।
২০১৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিল ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন এবং নারী ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।
সে হিসেবে এবার সিসিসি নির্বাচনে ভোটার গতবারের চেয়ে বেড়েছে প্রায় এক লাখ ৩৮ হাজার।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন।
ব্যালটে হওয়া সে নির্বাচনে মোট ৭১৯টি কেন্দ্রে হাতি প্রতীক নিয়ে নাছির পান ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম কমলা লেবু প্রতীকে পান ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।
ওই নির্বাচনে ৭১৯টি কেন্দ্রে ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯টি ভোটের মধ্যে আট লাখ ৬৮ হাজার ৬৬৩টি ভোট বাক্সে পড়ে। ভোট পড়ার হার ছিল ৪৭ দশমিক ৯ শতাংশ।
এবার সিসিসি নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হবে।
