রোজা ‘ভালোভাবে সামাল’ দেওয়ার আশায় বাণিজ্যমন্ত্রী
নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবার রোজা ‘ভালোভাবে’ সামাল দেওয়া যাবে বলে তিনি আশাবাদী।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ আশার কথা বলেন তিনি।
প্রতিবছরই রোজায় নিত্যপণ্যের চাহিদার সঙ্গে দামও বেড়ে যায়। পেঁয়াজের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে শঙ্কা তৈরি করেছে।
টিপু মুনশি বলেন, “রমজানে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য দরকার সেগুলো সরকারি হ্যান্ডস টিসিবি যতটুকু রাখে, এবার তার চেয়ে ১০ গুণ বেশি রেখেছে। যাতে করে কোনো অবস্থাতে আমাদের সমস্যা না হয়।”
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করায় তার প্রভাবও বাজারে পড়বে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।
“ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেও তারা তা প্রত্যাহার করে নিয়েছে। ১৫ তারিখ থেকে তারা তা আবার চালু করবে। নিজেদের উৎপাদিত পেঁয়াজও আগামী ১৫ দিনের মধ্যে উঠা শুরু করবে।”
তেলের মজুদও পর্যাপ্ত আছে জানিয়ে টিপু মুনশি বলেন, ”তেলও যথেষ্ট পরিমাণে মজুদ আছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যতটুকু বেড়েছিল তাও আবার কমে গেছে।”
আর এসব কারণেই এবারের রমজানে অন্যান্যবারের তুলনায় সার্বিকভাবে সামাল দিতে পারবেন বলে আশাবাদী তিনি।
করোনাভাইরাসের প্রভাব সামলাতেও সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান টিপু মুনশি।
বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “চট্টগ্রাম শুধু ব্যবসায়িক সেন্টার না। এটা আমাদের গেইটওয়ে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন পণ্য আনা ও পাঠানোর জায়গা হচ্ছে চট্টগ্রাম। এর গুরুত্ব অপরিসীম। এটা ব্যবসায়ীদের জন্য সেন্ট্রাল পয়েন্ট।”
অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল বিভিন্ন দপ্তরগুলো বিকেন্দ্রিকরণের গুরুত্ব তুলে ধরেন এবং সাংসদ এমএ লতিফ চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার স্থাপনের দাবি জানান।
টিপু মুনশি বলেন, “ফাইনান্সিয়াল ক্যাপিটাল সেন্টার চট্টগ্রাম। যেহেতু চট্টগ্রাম অর্থনৈতিক লাইফ লাইন। সেহেতু চট্টগ্রামের দাবিটা অত্যন্ত যৌক্তিক। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আমার বিবেচনা ও আপনাদের দাবির কথা জানাব।”
তিনি বলেন, ”উত্তর-পূর্ব ভারত চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে। এখান দিয়ে তারা ব্যবসা করতে চায়। এই ল্যান্ড লক কান্ট্রিগুলো চায় চট্টগ্রাম দিয়ে তাদের মালামাল এক্সপোর্ট- ইমপোর্টের ব্যবস্থা করতে।
“এজন্য চট্টগ্রামকে আধুনিক ও বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে হবে। যেন তারা মনে করে চট্টগ্রাম তাদের জন্য পছন্দের জায়গা। আমরা সেভাবে চট্টগ্রামকে গড়ে তুলতে চাই।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “আজকের গ্লোবাল পলিটিক্স কিন্তু বিজনেস পলিটিক্স। যত নেতা-মন্ত্রীরা বিদেশ থেকে এখানে আসেন তাদের কথা বিজনেস পলিটিক্স নিয়ে। এতে করে আমাদের রেভিনিউ বাড়বে। ফোকাল পয়েন্ট হয়ে যাবে চট্টগ্রাম।”
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত এ মেলার চারশ ৭০টি স্টলে চারশরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মাসব্যাপী এ মেলায় পার্টনার কান্ট্রি হয়েছে থাইল্যান্ড।
