‘ঘুষের টাকাসহ’ শ্রম পরিদর্শক গ্রেপ্তার
‘ঘুষের টাকাসহ’ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক শ্রম পরিদর্শককে গ্রেপ্তারের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় শ্রম পরিদর্শক (সেফটি) পলাশ কুমার দাসকে গ্রেপ্তার করা হয়।
“তিনি শিল্প প্রতিষ্ঠান লাইসেন্স দেওয়ার নামে মামলার ভয় দেখিয়ে এক বেকারির মালিকের কাছ থেকে ঘুষের ১০ হাজার টাকা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।”
মামলার ভয় দেখিয়ে পলাশ যে ঘুষ চেয়েছিলেন বলে ওই ব্যক্তি আগেই দুদকে অভিযোগ করেছিলেন বলে জানান প্রনব।
“এই অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল আগে থেকে আগ্রাবাদে অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে ওঁৎ পেতে থেকে ঘুষ গ্রহণকারী পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ ঘটনায় পলাশের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ দণ্ডবিধির ১৬১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
