২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্দ্বন্দ্ব দেখলে প্রধানমন্ত্রী কষ্ট পান: পরশ

সংগঠনের নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 10:00 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

“আমি জানি, প্রধানমন্ত্রীর মন পড়ে আছে আপনাদের কাছে। আপনারা নিজেরা নিজেরা যখনই ঝগড়া করেন, তিনি কষ্ট ও দুঃখ পান। দয়া করে এদিকে খেয়াল রাখবেন।”

সোমবার চট্টগ্রাম নগরীর এস এস খালেদ রোডে একটি কমিউনিটি সেন্টারে যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় একথা বলেন পরশ।

যুবলীগ নেতা-কর্মীদের তিনি বলেন, “তিনি আছেন বলেই শান্তিতে আছি। তিনি যেদিন থাকবেন না, সেদিন কোথায় কে ছিটকে পড়ব।”

পরশ বলেন, “এই চট্টগ্রামে জামায়াত-শিবিরের তাণ্ডব ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে। এখন চট্টগ্রামে অনেক শান্তি আছে। জননেত্রী দিনরাত অনেক কষ্ট করে উন্নয়ন করছেন, শান্তি নিশ্চিত করছেন। উনি প্রতিটা কর্মীর খেলায় রাখেন।”

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে যুবলীগ নেতা-কর্মীদের কাজ করার নির্দেশনা দেন পরশ।

সভায় যুবলীগ নেতা শেখ ফজলে নাঈম বলেন, “একটা কথা- ঐক্যবদ্ধতা। চট্টগ্রাম শহরে ঐক্য হওয়া খুব দরকার। বিগত দিনে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচন আমরা দেখেছি। যেহেতু তখন আওয়ামী লীগ, যুবলীগ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না, আমরা জয়ী হতে পারিনি।

“একজন ভালো লোককে এবার নেত্রী নমিনেশন দিয়েছেন। উনার সম্পর্কে খারাপ কিছু শুনিনি। উনি বিজয়ী হবেন আমরা ঐক্যবদ্ধ থাকলে।”

সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম তাকে ব্যক্তি হিসেবে না দেখে দলীয় প্রতীক নৌকাকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।

এই সভাতেই দলের কাউন্সিলর প্রার্থীরা কিভাবে মনোনয়ন পেয়েছেন সে বিষয়ে কিছুই ‘জানেন না’ উল্লেখ করে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

‘যুবলীগকে অতীতের গ্লানি মুছে এগুতে হবে’

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের চেয়ারম্যান পরশ বলেন, “যুবলীগে বিগত দিনে যেটা হয়েছে সেটা কারও জন্যই মঙ্গলকর নয়। আপনারাও অনেক নিরাশ হয়েছেন। এটা যুবলীগে কখনোই হওয়ার কথা ছিল না। তারপরেও যেটা হয়েছে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

“সেটার জন্য জননেত্রী আমার উপর আস্থা রেখেছেন। আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনাদের ভালোবাসা পাচ্ছি। চট্টগ্রামে যে সাড়া তাতে বোঝা যাচ্ছে আপনারা আমাদের সাথে আছেন।”

তিনি বলেন, “অতীতের গ্লানি মুছে সামনে আগানোর জন্য সবচেয়ে বড় বিষয় আমাদের ঐক্য ধরে রাখা। অন্তঃদ্বন্দ্ব আমাদের সবচেয়ে বড় শত্রু। বিএনপি-জামায়াত আমাদের শত্রু এখন না। আমাদের নিজেদের মধ্যেই নিজেদের শত্রু।

“শত্রু হিসেবে দেখলে চলবে না। এরা আমাদের ভাই। দল এক যুগের বেশি সরকারে। একারণে অনেকের মধ্যে অনেক ধরণের মানসিকতার পরিবর্তন ঘটেছে। ভুলে গেলে চলবে না, খারাপ দিন যখন ছিল তখন আপনাদের সবার ত্যাগ আছে। অনেকের অনেক ত্যাগের বিনিময়ে এই সংগঠন। সেটা আমরা ভুলে যাই।”

পরশ বলেন, “নিজেদের ভাইদের খেয়াল রাখবেন। তাদের শত্রু মনে করবেন না। শত্রু কিন্তু বাইরে। জনগণ ও জননেত্রীর অনেক আশা যুবলীগ নিয়ে। দয়া করে যুবলীগের মান আপনারা রক্ষা করবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিনিধি সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল বলেন, “সিটি নির্বাচনের পর মহানগর যুবলীগের সম্মেলন করা হবে।

“জেলা পর্যায়ে যুবলীগের অধীনে ইউনিট কমিটি করতে আগে কেন্দ্রীয় কমিটির অনুমতি প্রয়োজন হত। এখন জেলা কমিটি সেগুলো করতে পারবে। তবে কোনো মাদক ব্যবসায়ী, খারাপ লোক যেন কমিটিতে না আসে। তাহলে যারা কমিটি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য যুবলীগের পক্ষ থেকে একটি প্রচারণা কমিটি গঠন করা হয়।

সভায় নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বক্তব্য রাখেন।