কাতার যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’
কাতারে অনুষ্ঠেয় সপ্তম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’।
শুক্রবার জাহাজটি চট্টগ্রাম নৌ জেটি থেকে কাতারের উদ্দেশে ছেড়ে যায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, আগামী ১৬ থেকে ১৮ মার্চ কাতারের দোহায় সপ্তম আন্তর্জাতিক মেরিটাইম এক্সিবিশন ও কনফারেন্স হবে। বানৌজা স্বাধীনতার অধিনায়ক ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খানের নেতৃত্বে ২২ জন কর্মকর্তাসহ মোট ১৪১ জন নৌসদস্য এই মহড়ায় অংশ নেবেন।
যাত্রাপথে বানৌজা স্বাধীনতা শ্রীলঙ্কার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফর করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ স্বাধীনতা চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের আগে রীতি অনুসারে সুসজ্জিত একটি বাদল দল আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়।
এসময় সিএসও টু কমান্ডার বিএন ফ্লিট ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহসহ নৌ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী ৬ এপ্রিল দেশে ফিরতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
