চট্টগ্রামে পুড়ল শতাধিক বস্তিঘর
চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকায় বস্তিতে অগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘর।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে মাদারবাড়িতে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আজিজুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি সেখানে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এর আগে গত ২৪ ও ৩১ জানুয়ারি শুলকবহর এলাকার ডেকোরেশন গলিতে এক সপ্তাহের ব্যবধানে দুটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে।
