বড় প্রকল্প বাস্তবায়নে সাহস প্রবাসীরা: প্রবাসী কল্যাণমন্ত্রী
দেশের বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রবাসীরাই সাহস যুগিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী ইমরান আহমেদ বলেন, প্রবাসী শ্রমিকদের আয় দেশের জন্য একটা বড় আর্শীবাদ। দালালচক্রের হাত থেকে প্রবাসী শ্রমিকদের রক্ষা করতে হবে।
“গত ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬ দশমিক ৫০ বিলিয়ন ডলার। সরকারকে প্রবাসীরাই সাহস জুগিয়েছেন পদ্মা সেতু, বঙ্গবন্ধু ইকনোমিক জোন, পায়রা বন্দর, কর্ণফুলী টানেলের মত বড় বড় উন্নয়ন কাজ করতে।”
তিনি বলেন, “বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে। জাতির পিতা যখন স্বাধীনতার ডাক দিয়েছেন তখন মানুষ ছিল সাড়ে সাত কোটি। এখন ষোলো কোটি। এই যে বিশাল জনসংখ্যা, এদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। তবেই স্বার্থক হবে বঙ্গবন্ধুর স্বপ্ন। উন্নয়ন হবে মানবসম্পদের।
“উপযুক্ত ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য দেশের ৬৪ জেলায় ৭০টি টেকনিক্যাল টিচিং সেন্টার (টিটিসি) নির্মাণ করা হয়েছে। ৪০টি (টিটিসির) নির্মাণ কাজ চলমান আছে। আরো ৬০টি প্রকল্পের ডিপিপি প্রস্তুত হচ্ছে।”
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেন, “অদক্ষতার জন্য বাংলাদেশের শ্রমিকরা বিদেশে উপযুক্ত মজুরি পান না। যুগের সাথে তাল মিলিয়ে কারিগরি জ্ঞান অর্জন করলে বিদেশে উপযুক্ত মজুরি পাওয়া যায়। তবে বিদেশে শ্রমিক পাঠালে আগেই সে দেশের অর্থনৈতিক অবস্থা জানা দরকার।
“টিটিসি প্রশিক্ষকগণ প্রশিক্ষণ সঠিকভাবে দিচ্ছেন কিনা দেখা প্রয়োজন। তারা নিজেরাও প্রশিক্ষিত কিনা তাও ভাবার বিষয়। ভাষাগত দক্ষতা বেশি দরকার। নারী কর্মী বিদেশে গেলে তারা বেশি হয়রানির শিকার হয়। তারা বিদেশে গৃহকাজ করতে পারে না। সেজন্য গৃহকাজেরও প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে।”
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহম্মদ মনীরুছ সালেহীন, যুগ্মসচিব মোজাফফর আহমদ, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত ডিআইজি আমেনা বেগম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম পণ্য পরিবহন ও মালিক ফেডারেশনের সভাপতি মো. আবদুল মান্নান।
