২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে ঘুরে মোটরসাইকেল ‘চুরি করতেন’ তারা চারজন

চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবককে ধরার পর তাদের তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, এই চার যুবক সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 09:29 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

এরা হলেন- সাজ্জাদ হোসেন রাজু (২৫), ওসমান গণি ওরফে ডালিম (২৪), মোজাম্মেল হক মজনু (৩০) ও শফিউল বশর মিনহাজ (৩৩)।

বন্দর নগরীর বিভিন্ন স্থানে বুধবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার এসআই সজল দাশ জানান।

অভিযানের নেতৃত্ব দেওয়া সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”বুধবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে রাজু ও ডালিমকে পিস্তল ও ছুরিসহ গ্রেপ্তার করা হয়।

“পরে জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।”

এসআই সজল বলেন, “তারা মূলত বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মোটরসাইকেল শনাক্ত করে। সুবিধা বুঝে সেগুলো চুরি করে পালিয়ে যায় এবং কক্সবাজারে নিয়ে বিক্রি করে।

“কোনো জায়গায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে সেখান থেকে অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে আসত বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

কোতোয়ালী থানা এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে মোটরসাইকেল চুরির কয়েকটি ভিডিও ফুটেজে তাদের উপস্থিতি দেখা গেছে বলে দাবি করেছে পুলিশ।

”জিজ্ঞাসাবাদের সময় রাজু ও ডালিম মোটরসাইকেল চুরির সাথে মজনু ও মিনহাজের জড়িত থাকার তথ্যও দেয়।”

তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মজনু ও মিনহাজকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই সজল।

তিনি বলেন, “গ্রেপ্তার চারজনের পৃথক পৃথক গ্রুপ থাকলেও তারা একসাথেও অনেক সময় চুরি করে।

“চট্টগ্রাম নগরী থেকে চুরি করা মোটরসাইকেল কক্সবাজার সদর এলাকার মঞ্জুর আলম মুন্না নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে তারা। মাস কয়েক আগে চুরি করা মোটরসাইকেল নিয়ে পালানোর সময় মজনু ও মিনহাজ দুর্ঘটনায় শিকার হলেও দলের অন্য সদস্যদের দিয়ে মোটরসাইকেল চুরি চালিয়ে যাচ্ছিল।”

পুলিশের ভাষ্যে, মজনু ও মিনহাজেরও মোটরসাইকেল চুরির ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

মঞ্জুর আলম মুন্নাসহ এই চক্রে আরও কয়েকজন রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সজল বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

গ্রেপ্তারদের মধ্যে সাজ্জাদ হোসেন রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে এসআই সজল জানিয়েছেন।