২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই: তথ্যমন্ত্রী

দুর্বৃত্তায়ন ও বণিকায়নের ফলে রাজনীতি এখন পুরোপুরি রাজনীতিবিদদের হাতে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 07:55 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

বৃহস্পতিবার ষোলশহরে এলজিইডি ভবনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক এমপি ও রাষ্ট্রদূত নূরুল আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগেও অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দলকে পরিশুদ্ধ করা প্রয়োজন। অনুপ্রবেশকারী, সুবিধাবাদীরা যাতে দলকে গিলে ফেলতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে।”

অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীমুক্ত আওয়ামী লীগ গঠন করার তাগিদ দিয়ে তিনি বলেন, “পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের অনেকের আলস্য এসেছে। আমাদের মধ্যে আলস্য থাকলে হবে না।”

মওসুমে খেলোয়াড় বিক্রির মতো অনেক রাজনীতিবিদও বিক্রি হয়েছেন মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারাও খোলোয়াড়দের মতো রাজনীতির হাটে বিক্রি হওয়া রাজনীতিক বলে মনে করেন তিনি।

“রাজনীতিতে বণিকায়ন ও দূর্বৃত্তায়ন হয়েছে। রাজনীতিতে প্রচণ্ড সুবিধাবাদীদের অনুপ্রবেশ ঘটেছে। রাজনীতি এখন পুরোপুরি রাজনীতিবিদদের হাতে নেই।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে এর জন্য দায়ী করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদসহ চট্টগ্রামের যারা বিএনপির বড় বড় নেতা তারাও অন্যদল করতেন। তাদের কেউ কেউ আওয়ামী লীগেও যোগদান করতে চেয়েছিলেন। আওয়ামী লীগে যোগদান করতে না পেরে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

“যারা দেশটাই চায়নি, দেশের পতাকাটাই চায়নি, যারা দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে, স্বাধীনতার ৫০ বছর পরও তারা আস্ফালন করবে, তাদের রাজনীতি থাকবে, সেটা কোনো দেশে হওয়া সমীচীন নয়।”

দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হলে ক্ষমতাসীন ও বিরোধী দলকে স্বাধীনতার পক্ষের শক্তি হওয়া উচিত বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা।

রাজনীতিতে আওয়ামী লীগ নেতা নূরুল আলম চৌধুরীর অবদানের কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “নূরুল আলম চৌধুরী তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। ১৯৭৫ এর ১৫ অগাস্টের পর আওয়ামী লীগের অনেকে যখন আত্মগোপনে ছিলেন, ভয়ে মুখ খুলছে না, আবার অনেকে মোস্তাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন, দলীয় সভায় যে কয়জন বিরোধীতা করেছিল মোস্তাকের এই কর্মকাণ্ডের, তাদের মধ্যে নূরুল আলম চৌধুরী একজন।”

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংরক্ষিত আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, নূরুল আলম চৌধুরীর সন্তান আসিফুল সোহাগ সাকিব।