চট্টগ্রামে কর্ভাড ভ্যানের চাপায় প্রকৌশলীর মৃত্যু
চট্টগ্রামে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগার পর কর্ভাড ভ্যানের চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলীর।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে টাইগার পাসের রেলওয়ে কলোনি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খুলশী থানার এসআই মো. কাশেম জানান।
নিহত এমদাদুল হাসান শোভন (২৯) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এনজিএস কনসালটেন্টস কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।
এসআই মো. কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন শোভন।
“টাইগার পাস রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের সামনের রাস্তায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কর্ভাড ভ্যান তাকে চাপা দেয়।”
রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শোভনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান।
পুলিশ ওই অটোরিকশা ও কর্ভাড ভ্যানটি আটক করেছে। তবে দুটি গাড়ির চালকই পালিয়ে গেছে।
