২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেন্দ্র দখলের স্বীকারোক্তির’ ভিডিওতে আলোচনায় নদভী

ভোটকেন্দ্র দখলের ‘স্বীকারোক্তির’ একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সরকারদলীয় সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে ইসিতে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ করেছেন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 10:07 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বুধবার রাতে নগরীর লালখান বাজারে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন আহমদের বাসায় এক মতবিনিময় সভায় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য নেজামুদ্দিন নদভীর বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আ জ ম নাছির উদ্দিনের হয়ে কেন্দ্র দখলের কথা উঠে আসে, যার একটি ইন্টারনেটে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে নদভীকে বলতে শোনা গেছে, “মোসলেম ভাইয়ের জন্য আমি বোয়ালখালীতে যাব, চান্দগাঁও এরিয়াতেও যাব। যেহেতু আমার এরিয়া, আমি ওখানে থাকি। সেখানে একসাথে কাজ করব। আ জ ম নাছির সাহেবের জন্য আমি সাতটি কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছিলাম।

“এমনভাবে নিয়ন্ত্রণ নিয়েছিল মানুষ বলাবলি করছিল নদভী সাহেবকে তো আলেম মনে করতাম, উনি তো দেখি গুণ্ডা সন্ত্রাসী।”

সভায় তিনি আরও বলেন, “চান্দগাঁওতে কাজ করব, বোয়ালখালীতে কাজ করব। বোয়ালখালীতে আলেম-ওলামাদের সাথে আমার সম্পর্ক আছে। উনাদের সাথে অলরেডি কথা বলেছি।

“যখন দলের প্রশ্ন আসবে, নৌকার প্রশ্ন আসবে তখন আমরা সবাই একযোগে কাজ করব। মোসলেম উদ্দিন ভাইকে ইনশাল্লাহ আমরা এমপি বানায়ে সংসদে নিয়ে আসব।”

ওই সভায় প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

গত সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দীনের পক্ষে নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র দখলের অভিযোগে উঠেছিল। ৮০ শতাংশ কেন্দ্র দখল করে ক্ষমতাসীনদের ব্যাপক কারচুপির অভিযোগ এনে ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম।

তবে এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নেজামুদ্দিন নদভী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব ভুয়া কথা। এরকম কোনো বক্তব্যই আমি দিইনি। আমি মামলা করব।

“৬০টি (বক্তব্যে সাতটি বলেছেন) কেন্দ্র কী আমি একা দখল করতে পারব? করলে প্রার্থী আর অন্যরা কী করবে? সিটি নির্বাচনে আমাকে ছয়টি কেন্দ্রের দায়িত্ব দেয়া হয়েছিল। আমি দায়িত্ব পালন করেছি মাত্র। দখল বা নিয়ন্ত্রণের কোনো প্রশ্নই আসে না।

“আমি উপরের সাথে কথা বলেছি। তথ্য প্রযুক্তি আইনে মামলা করব।”

তাছাড়া মোসলেম উদ্দিনের বাসার সভাটি নির্বাচনী প্রচারণা নয়, মতবিনিময় সভা ছিল দাবি করে তিনি বলেন, “মতবিনিময় সভায় গেলে আচরণ বিধি লঙ্ঘন হয় না।”

বিএনপিপ্রার্থীর দুই অভিযোগ

এদিকে নদভীর ওই বক্তব্য আলোচনার জন্ম দিলে বৃহস্পতিবার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান রিটার্র্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের লিখিত লিখিত অভিযোগ দেন।

‘সরকার দলীয় সংসদ সদস্য কর্তৃক নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র প্রসঙ্গে’ শিরোনামে ওই অভিযোগ করা হয়।

এ প্রসঙ্গে বিএনপি নেতা আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি নির্বাচনে কেন্দ্র দখলের কথা বলে সংসদ সদস্য সরাসরি হুমকি দিয়েছেন।

“একজন জাতীয় সংসদ সদস্য পবিত্র পদে থেকে এরকমের বক্তব্য দিতে পারেন না। আমি মনে করি উনি পদে থাকার উপযুক্ততা হারিয়েছেন। উনার পদত্যাগ করা উচিত। তাদের জনগণের উপর কোনো আস্থা নেই। তারা অতীতের মত এবারও ভোট ডাকাতির চেষ্টা করবে।আমরা অভিযোগ দিয়েছি দেখি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়।”

তার করা আরেকটি অভিযোগে বলা হয়, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম-৮ সংসদীয় এলাকার মধ্যে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকের ১ নম্বর সড়কে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন, যার খবর গণমাধ্যমে এসেছে।

এর মাধ্যমে মেয়র নিবাচনী আচরণ বিধিমালা-২০০৮ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করে আবু সুফিয়ান উল্লেখ করেন, “মেয়রের এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আইনের পরিপন্থী এবং কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবাচনের জন্য সহায়ক নয়।”

এসব বিষয়ে জানতে চাইলে রিটার্নি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢাকায় আছি। আমার সাথে কেউ যোগাযোগ করেনি বা জানায়ওনি। হয়তো অফিসে দিয়ে গেছে।

“ডে বাই ডে আমরা আরো শক্ত হচ্ছি। অভিযোগ আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।”

 

পুরনো খবর:

মনজুরের ভোট বর্জন, রাজনীতি ছাড়ার ঘোষণা
চট্টগ্রামে কেন্দ্র দখল করে হাতি মার্কায় ‘ভোট উৎসব’